Image description

দেশের শিশু-কিশোরদের মানসিক, শারীরিক ও নৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ১৬ বছর বয়সের নিচে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েজ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সানাউল্লাহ নূরী ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বর্তমানে শিশু-কিশোরদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। অনেক শিশু দীর্ঘ সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকায় পড়াশোনা, খেলাধুলা এবং সামাজিক কার্যক্রম থেকে দূরে সরে যাচ্ছে।

এতে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

 

এতে আরো উল্লেখ করা হয়, অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে শিশুদের মধ্যে খিটখিটে মেজাজ, অনিদ্রা, উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যা বাড়ছে। পাশাপাশি অনলাইনে ছড়িয়ে থাকা সহিংস ভিডিও, ক্ষতিকর গেম এবং নেতিবাচক কনটেন্ট শিশুদের অপরাধপ্রবণ করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজেই গুজব, ভুয়া তথ্য এবং অশ্লীল কনটেন্ট ছড়িয়ে পড়ছে, যা শিশুদের নৈতিক ও সামাজিক মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

 

এসব বিষয় বিবেচনায় নিয়ে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কার্যকর নীতিমালা বা নিষেধাজ্ঞা আরোপে সরকারের পদক্ষেপ চাওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।