Image description

বিগত সময়ে পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, তা অনেকাংশে গুছিয়ে আনতে সক্ষম হয়েছি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেন, আইন-শৃঙ্খলা উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করছে।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি করেন তিনি।

আইজিপি বলেন, ‘২০২০-২১ সালে করোনার কারণে এবং তার পরবর্তীতে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পুলিশ সপ্তাহ সঠিকভাবে উদযাপন করা যায়নি।

নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে। পুলিশে যে বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি।’

 

তিনি আরো বলেন, ‘পুলিশ সপ্তাহ পুলিশকে আরো সুশৃঙ্খল এবং জনবান্ধব করবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের নির্দেশনা দেন।

নতুন প্রজন্ম যে পুলিশ আশা করে, সেই পুলিশ গড়ে তুলতে সবার সহযোগিতা লাগবে।’
 
পোশাক পরিবর্তন ও পুলিশের দাবিদাওয়া প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, ‘বর্তমানে পুলিশের পোশাকটি আগের বলা যাবে না, একটু পরিবর্তন রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল সবার আগে আইন-শৃঙ্খলা ঠিক করা। আমরা দাবিদাওয়া দেওয়ার আগেই সরকার আমাদের প্রতি খুবই আন্তরিক ও সহানুভূতিশীল।
দেশের জনগণের নিরাপদ বসবাসের জন্য পুলিশের যে দাবিদাওয়া ছিল, অচিরেই তারা সেগুলো আমাদের দিচ্ছেন। আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতায় ফাইল গেলে সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নেই। এখন দিন বদলেছে। নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে।’
 
আবাসন ও জনবল সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের ২ লাখ ২০ হাজার পুলিশ রয়েছে।
কিন্তু আবাসন ব্যবস্থা রয়েছে ১ লাখ ৫ হাজার লোকের। এখনো ঘাটতি রয়েছে। পুলিশে আরো নতুন নিয়োগ হবে, আবার প্রতিবছর কিছু লোক চলে যাচ্ছে। বিষয়গুলো নিয়ে সরকার অবহিত এবং তারা আমাদের নতুন অর্থ বছরে নতুনভাবে কাজগুলো করতে সহায়তা করবে।’