Image description

ইউক্রেন সংঘাতে ৮ মে মধ্যরাত থেকে ১০ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের বার্ষিকী উপলক্ষে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘সোভিয়েত জনগণের মহান দেশপ্রেমের যুদ্ধে বিজয়ের ৮১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে, ৮ মে মধ্যরাত থেকে ১০ মে পর্যন্ত রুশ পক্ষ যুদ্ধবিরতি ঘোষণা করছে।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার ঘোষণা করেছিলেন যে দুই দিনের যুদ্ধবিরতি পালন করা হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং বিজয় দিবস উদযাপনের সময় ইউক্রেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, এই প্রস্তাবকে সমর্থন করেছেন ট্রাম্প।