Image description

আন্তর্জাতিক বাজার থেকে দুই কোটি লিটার সয়াবিন তেল ও তিন কার্গো এলএনজি আমদানিসহ মোট ১০টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে বিদ্যুৎ খাতের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ক্রয়, সরকারি ভবন নির্মাণ, র‍্যাবের যানবাহন সংগ্রহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের ভূমি উন্নয়ন কাজও রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির ২০তম সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় মোট ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাব আলোচনার তালিকা থেকে প্রত্যাহার করা হয়।

 
 

বাকি ১০ প্রস্তাবের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন পায়।

 
 

ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি কাহায়া এনার্জি এই তেল সরবরাহ করবে, যাতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৪১ টাকা ২৮ পয়সা।

 

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। জুন মাসে সরবরাহযোগ্য ২০তম, ২১তম ও ২২তম কার্গো ৩টি কেনা হবে ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে। এতে মোট ব্যয় হবে দুই হাজার ১৮৬ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার ২২২ টাকা।

বিদ্যুৎ বিভাগের অধীনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ৩টি লটে নতুন সাব-স্টেশন স্থাপন ও ভূমি উন্নয়নের প্রস্তাব পাস হয়েছে।

কনসোর্টিয়াম অব ইইএল অ্যান্ড এফএইচএল এবং রেভারি পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড এসব কাজ বাস্তবায়ন করবে। এই তিন প্যাকেজে মোট ব্যয় হবে প্রায় ২৮৬ কোটি টাকা।

এছাড়া সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র হতে পুনঃনির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুযায়ী বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড বা নওপাজেকো থেকে এই বিদ্যুৎ কেনা হবে। গ্যাসের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ৪ টাকা ৬৫ পয়সা এবং ডিজেলের ক্ষেত্রে সিরাজগঞ্জের জন্য ২০ টাকা ৬৩ পয়সা ও ভেড়ামারার জন্য ২০ টাকা ৬৯ পয়সা ঠিক করা হয়েছে।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে শেরেবাংলা নগরে ১২তলা মাল্টিস্টোরিড অফিস ভবন নির্মাণের জন্য ১০৮ কোটি ৭০ লাখ ৬৬ হাজার টাকার প্রস্তাব অনুমোদিত হয়েছে। কাজটি করবে যৌথভাবে জিকেবিপিএল ও নাভানা রিয়েল এস্টেট।

র‍্যাবের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকায় ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কেনার প্রস্তাব পাস হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনে ভূমি উন্নয়ন কাজের ৫টি প্যাকেজের ভেরিয়েশন বাবদ মোট ১৯৯ কোটি ৭৭ লাখ ৫ হাজার টাকার সংশোধিত প্রস্তাব অনুমোদিত হয়েছে।

এর আগে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট ২০২৬’-এর খসড়া এবং ভারত ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানিতে ভর্তুকি দেওয়ার একটি প্রস্তাবে আংশিক নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।