লোকসভার বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির প্রতি ছয়জন সংসদ সদস্যের (এমপি) মধ্যে একজন ‘ভোট চুরি’র মাধ্যমে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এই কড়া আক্রমণ করেন।
তিনি অভিযোগ তোলেন যে, লোকসভায় বিজেপির ২৪০ জন এমপির মধ্যে প্রায় প্রতি ষষ্ঠ জনই ভোট চুরির মাধ্যমে আসন পেয়েছেন। বিজেপির নিজস্ব পরিভাষা ব্যবহার করে এই সংসদ সদস্যদের ‘অনুপ্রবেশকারী’ বলা যায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
রাহুল গান্ধী শুধু সংসদ সদস্যদের বলেননি, তিনি হরিয়ানার বর্তমান পুরো সরকারকেই ‘অনুপ্রবেশকারী’ হিসেবে আখ্যা দিয়েছেন।
তার দাবি অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়ার সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে পকেটে পুরে ভোটার তালিকায় কারচুপি এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হচ্ছে, যা মূলত ‘রিমোট কন্ট্রোলের’ মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে।
কংগ্রেসের এই নেতার মতে, শাসক দল সত্যকে ভয় পায়; কারণ দেশে যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতো, তবে বিজেপি কোনোভাবেই এককভাবে ১৪০টির বেশি আসন জিততে পারতো না।