Image description

পরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরবে যান রুবেল মন্ডল (২১)। সব ঠিকঠাক চলছিল। টাকাও পাঠাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে রুবেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের। এরপর গত ২২ দিনেও তাঁর কোনো সন্ধান পাননি স্বজন।

রুবেল জামালপুরের মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছোট ছেলে। গত ২৭ জানুয়ারি এজেন্সির মাধ্যমে তিনি সৌদি আরব যান। মক্কা শহরের একটি বেসরকারি ক্লিনিকে কাজ পান।

সরেজমিন রুবেলের বাড়িতে শ্মশানের নীরবতা দেখা যায়। সবাই বিমর্ষ। ঘরের সিঁড়িতে বসে কান্না করছেন বাবা আব্দুর রাজ্জাক ও মা মনোয়ারা বেগম। কান্নাজড়িত কণ্ঠে মা বলেন, ‘আমার ছোট ছেলেকে শখ করে বিদেশ পাঠাইছিলাম। ২২ দিন ধরে খোঁজ পাচ্ছি না। সে কোথায় আছে, কিছুই জানি না। আমি আমার ছেলের খোঁজ চাই।’

প্রবাসী ছেলের সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন মা-বাবাসহ স্বজনরা। স্ট্রিম ছবিপ্রবাসী ছেলের সন্ধান না পেয়ে ভেঙে পড়েছেন মা-বাবাসহ স্বজনরা। স্ট্রিম ছবি

পরিবারের সদস্যরা জানান, গত ১৬ এপ্রিল বিকেল ৪টার দিকে সর্বশেষ মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন রুবেল। এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই। রুবেলের ব্যবহৃত ইমো, ফেসবুক, মেসেঞ্জারসহ সব ধরনের যোগাযোগের মাধ্যম বন্ধ রয়েছে।

রুবেলের বড় ভাই মঞ্জুরুল ইসলাম জানান, তাদের চার ভাইয়ের মধ্যে রুবেল সবার ছোট। সবার আদরের। রুবেলের খোঁজ না পেয়ে মা-বাবা খাওয়া ছেড়ে দিয়েছেন বলা চলে। সবাই দিশাহারা হয়ে পড়েছি। প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রুবেলের সন্ধান চান তিনি।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, বিষয়টি জেনে পরিবারের সঙ্গে তারা যোগাযোগ করেন। পরিবারকে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।