Image description

আমেরিকার মধ্যস্থতায় অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির ছয় মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু স্থানীয়দের লক্ষ্য করে নিয়মিতভাবেই ইসরাইলের সামরিক বাহিনীর হামলা চলছে। ইসরাইলি হামলায় দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের লাশের সারি। এছাড়া প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এখনো অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে।

ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এখনো গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপের নিচে অন্তত আট হাজার ফিলিস্তিনির লাশ চাপা পড়ে আছে। ২৭ এপ্রিল হারেৎজের ওই প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধার সম্ভব হচ্ছে না। গাজা বর্তমানে আনুমানিক ছয় কোটি ৮০ লাখ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এর এক শতাংশেরও কম পরিষ্কার করা সম্ভব হয়েছে।

জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের এক যৌথ বিশ্লেষণে জানানো হয়েছে, এ ধ্বংসস্তূপ পরিষ্কার করতে ১৭০ কোটি ডলার খরচ হবে। জাতিসংঘের উন্নয়ন প্রকল্পের প্রধান আলেকজান্ডার দে ক্র জানান, বর্তমানে যেভাবে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চলছে, সেভাবে তা সম্পন্ন করতে সাত বছর সময় লাগবে।

এদিকে রোববার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বিবৃতিতে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যেই হামলায় মোট ৮৩০ জন নিহত ও দুই হাজার ৩৪৫ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৭৬৭টি লাশ। সব মিলিয়ে দুবছরের বেশি সময়ের আগ্রাসনে গাজায় সর্বমোট ৭২ হাজার ৬১০ জন নিহত ও এক লাখ ৭২ হাজার ৪৪৮ জন আহত হয়েছেন।