Image description
প্রশাসন ও পুলিশের যত দাবি

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। অনলাইন মাধ্যমকে ব্যবহার করে ফিশিং লিংকে আইডি হ্যাকড, গুজব ও সাম্প্রদায়িক উসকানি ছড়ানো, ব্ল্যাকমেলিং, পর্নোগ্রাফি, বিনিয়োগের ফাঁদ, ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে টাকা হাতিয়ে নেওয়া, বিভিন্ন পেজ খুলে পণ্য বিক্রির নামে অগ্রিম টাকা আত্মসাৎসহ অসংখ্য অপরাধ সংঘটিত হচ্ছে। এসব অপরাধ দমনে সিআইডির সাইবার পুলিশ, ডিবির সাইবার সাপোর্ট সেন্টার ও সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন থাকলেও নানা সীমাবদ্ধতায় প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাদের। অনেক সময় অন্য জেলা থেকে আইনি সহায়তা পেতে ঢাকা ছুটে আসছেন ভুক্তভোগীরা। এ সমস্যা সমাধানে জেলাপর্যায়ে পর্যাপ্ত সাইবার সেবা দিতে কয়েক বছর আগেই স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠন করার উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। কিন্তু সেটি আর বাস্তবায়ন হয়নি। এজন্য এবার আসন্ন পুলিশ সপ্তাহে সাইবার ইউনিট বাস্তবায়নের দাবি জোরালোভাবে তোলা হবে।

এ ছাড়াও স্বতন্ত্র পুলিশ বিভাগ গঠন, ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ, পরিবেশ পুলিশ ও রংপুর আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন, নতুন পুলিশ লাইন্স গঠন, ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চপর্যায়ে পদ সৃষ্টিসহ একগুচ্ছ দাবি উত্থাপন করা হবে। পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর এবারই অনেকটা জাঁকজমকভাবে রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। আগামী ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করবেন। পরের দিন প্রধানমন্ত্রীর সঙ্গে হবে পুলিশের দরবার। দরবারে দাবিগুলো উত্থাপন করা হবে। পুলিশ সপ্তাহের উদ্বোধন শেষে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দরবারে নানা সমস্যা তুলে ধরা হবে। পুলিশের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি অব ক্রাইম অ্যান্ড সিকিউরিটি গঠন এবং ডিএমপি কমিশনার ও র‌্যাব মহাপরিচালকসহ ১০টি গ্রেড-১ পদ সৃজনের দাবি তোলা হবে। আইজিপির পদটিকে ফোর স্টার করার দাবি তোলা হবে। এ ছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) পুলিশ লাইন্স, পুলিশ একাডেমি, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি তৈরির প্রস্তাব তোলা হতে পারে। বিসিএস পুলিশ ব্যাচে পদোন্নতির স্বাভাবিক ধারা অব্যাহত রাখতে দাবি উঠতে পারে। বর্তমানে পুলিশের চারটি প্রশিক্ষণকেন্দ্র (পিটিসি) রয়েছে। হবিগঞ্জ ও বরিশালে আরও দুটি পিটিসি করার প্রস্তাব করা হবে। থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, সাবজোন ভাড়া বাড়ি থেকে বের হয়ে নিজস্ব স্থাপনা, ভবন তৈরি ও বগুড়ায় শিল্প পুলিশের একটি জোন করার প্রস্তাব দেওয়া হবে। 

পুলিশ সুপার পদমর্যাদাসহ তদূর্ধ্ব পদের কর্মকর্তাদের গাড়ির জন্য বিনাসুদে ঋণ দেওয়ার দাবি উত্থাপন করা হবে। চার দিনব্যাপী পুলিশ সপ্তাহে ইন্সপেক্টর থেকে আইজিপি পর্যন্ত সবাইকে ঝুঁকিভাতার আওতায় নিয়ে আসার দাবি করা হবে। সূত্র জানায়, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিট গঠনের দাবি উত্থাপন করা হবে। সাইবার ইউনিটে জেলায় নেতৃত্ব দেবেন একজন অতিরিক্ত এসপি। পুলিশ সদস্যদের ৮ ঘণ্টার অতিরিক্ত সময়ের জন্য ওভারটাইম ভাতা, উপকূলীয় থানা ও দ্বীপ এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য দ্বীপাঞ্চল ভাতা, ট্রাফিক পুলিশে কর্মরত সদস্যদের ট্রাফিক ভাতা বাড়ানোর দাবি তোলা হবে। পরিদর্শকরা (ইন্সপেক্টর) অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদের দাবি তুলবেন। সার্জেন্টরা চাইবে মামলা তদন্তের ক্ষমতা। এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ বাহিনীর বিভিন্ন পদে কর্মরত সদস্যদের দীর্ঘদিনের পেশাগত বৈষম্য, পদোন্নতি জটিলতা, কোটা পদ্ধতির কারণে সৃষ্ট অসন্তোষ, র‌্যাঙ্ক ব্যাজ পরিবর্তন এবং বেতন গ্রেড সংক্রান্ত সমস্যাগুলো পুলিশ সপ্তাহে তুলে ধরা হবে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সব প্রস্তুতি শেষ পর্যায়ে।