ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে তৈরি হয়েছে আশা। শুক্রবার পাকিস্তানে সফর করতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমনটাই জানিয়েছে ইসলামাবাদের সূত্র ও দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম।
একটি সূত্র জানায়, একটি ‘ছোট দল’ নিয়ে সফরে যাবেন আরাকচি। পাকিস্তান সময় অনুযায়ী শুক্রবার রাতের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে তার।
এর আগে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।
এক পাকিস্তানি কর্মকর্তা সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, সফরটি চূড়ান্তভাবে নিশ্চিত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তান টিভির তথ্য অনুযায়ী, ইতোমধ্যেই ইসলামাবাদে অবস্থান করছে মার্কিন নিরাপত্তা দল। এছাড়া মার্কিন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শনিবারের মধ্যে ইসলামাবাদে পৌঁছাতে পারে ওয়াশিংটনের একটি প্রতিনিধি দল।
তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই আলোচনা নেতৃত্ব দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। চলতি মাসের শুরুতে তিনি বিশেষ দূত উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে প্রথম দফার আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন।