গাজার ফিলিস্তিনিরা আগামী ২৫ এপ্রিল স্থানীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এটি ২০০৫ সালের পর প্রথম স্থানীয় নির্বাচন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এবারের নির্বাচনে সংশোধিত একটি পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এতে শহর এলাকায় আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট হবে।
শুরুতে পুরো গাজাজুড়ে ভোট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে চলমান যুদ্ধের কারণে বেশিরভাগ এলাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে। শুধু দেইর আল-বালাহ শহরে ভোট হচ্ছে।
অনেক ফিলিস্তিনি এই নির্বাচনকে প্রতীকী হিসেবে দেখছেন। তাদের মতে, এটি একটি বার্তা দিচ্ছে যে গাজা এখনো ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামোর অংশ। পশ্চিম তীর থেকে গাজাকে আলাদা করার প্রচেষ্টা থাকলেও এই ভোট সেই বিভাজনকে প্রশ্নের মুখে ফেলছে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, এই নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের সুযোগ তৈরি হলেও তা নির্ভর করবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের ওপর। এর জন্য অভ্যন্তরীণ উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থনও প্রয়োজন।
এদিকে পৌর সংস্থাগুলোর কার্যকারিতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধের কারণে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক রাস্তা ধ্বংস হয়েছে, পানির ব্যবস্থা ভেঙে পড়েছে।