Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর করা অভিযোগ সরাসরি নাকচ করেছে চীন। ইরানি পতাকাবাহী একটি জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প দাবি করেছিলেন, সেটি নাকি চীনের উপহার হতে পারে। খবর আল আরাবিয়ার। 

 

শুক্রবার (২৪ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জাইকিন বেইজিংয়ে সাংবাদিকদের বলেন, চীন এমন সব অভিযোগ ও সংযোগের বিরোধিতা করে, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই।

এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের বন্দর অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা একটি কার্গো জাহাজে গুলি চালিয়ে সেটি জব্দ করেছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করে, জাহাজটি চীন থেকে আসছিল এবং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে তারা ‘সশস্ত্র জলদস্যুতা’ হিসেবে আখ্যা দেয়। একসঙ্গে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেয় তেহরান।   

 

মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জাহাজটিতে ‘ভালো কিছু ছিল না’ এবং এটি সম্ভবত চীনের পক্ষ থেকে পাঠানো ‘উপহার’ হতে পারে।

তবে চীনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপের শিকার হওয়া উচিত নয়।

মার্কিন বাহিনীর জব্দ করা ‘টউসকা’ নামের কনটেইনার জাহাজটিতে এমন কিছু পণ্য থাকতে পারে, যেগুলো বেসামরিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ব্যবহারযোগ্য, এমনটাই ধারণা করছেন সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো।