পাকিস্তানে ইসলামী বক্তা ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী মির্জার ওপর এক বন্দুকধারী হামলা চালিয়েছে। এ সময় পুলিশের গুলিতে আততায়ী নিহত হন। তবে ইঞ্জিনিয়ার মুহাম্মদ আলী অক্ষত আছেন।
সোমবার (২০ এপ্রিল) দ্য নিউজ ও জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, ইঞ্জিনিয়ার মির্জা যখন কুরআন ও সুন্নাহ একাডেমিতে তার নিয়মিত বক্তব্য দিচ্ছিলেন, তখন এক অজ্ঞাতপরিচয় হামলাকারী হঠাৎ এলোপাতাড়ি গুলি শুরু করে। তখন সেখানে দায়িত্বরত কনস্টেবল আহসান পায়ে গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তান পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলা হওয়ার সাথে সাথেই পুলিশ অত্যন্ত কার্যকরভাবে পাল্টা জবাব দেয়। উভয়পক্ষের গোলাগুলিতে আততায়ী নিহত হয়, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
রাওয়ালপিন্ডির রিজিওনাল পুলিশ অফিসার (আরপিও) সৈয়দ খালিদ মাহমুদ হামদানি এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন তলব করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এই হামলার নেপথ্যে কোনো সহায়তাকারী আছে কি না, তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ শুরু করেছে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইঞ্জিনিয়ার মির্জার ওপর এটিই প্রথম হামলা নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই একাডেমিতে ফটো সেশনের সময় তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হয়েছিল, তবে সেবারও তিনি অক্ষত ছিলেন। এরপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল।