ফ্ল্যাট কেনার জন্য যৌতুক দাবি ও স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ট্রাফিক পুলিশের সাময়িক বরখাস্ত সার্জেন্ট নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোশতাক আহমেদ এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা নাজিম উদ্দিনের সঙ্গে লালমনিরহাটের আশরেফা জাহানের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে তারা বসবাস করতেন।
মামলার এজাহার অনুযায়ী, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রী আশরেফার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন নাজিম। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২০ সালের মার্চ ও জুনের বিভিন্ন সময়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। এই ঘটনায় ওই বছরের ১৭ আগস্ট আশরেফা বাদী হয়ে আদালতে মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুস রায়ের জানান, মোট ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আপিল করার শর্তে আদালত তাকে জামিন দিয়েছেন।
মামলা চলার সময় নাজিম ও তার স্ত্রীর মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।