হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি ট্যাংকার লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনী গুলি চালানোর পর ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি। শনিবার হরমুজ প্রণালি ভারতীয় ট্যাংকারে গুলির প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাধার মুখে ভারতীয় সুপার-ট্যাংকারসহ বেশ কিছু জাহাজ হরমুজ প্রণালি থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে এক বৈঠকের জন্য ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে পররাষ্ট্রসচিব আজ ভোরে হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজে গুলি চালানোর ঘটনায় ভারতের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ভারত পণ্যবাহী জাহাজ ও নাবিকদের নিরাপত্তার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া ইরান এর আগে ভারত অভিমুখী বেশ কয়েকটি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে ভারত অভিমুখী জাহাজ চলাচলের প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
ইরানি সব বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধ জারি এবং আগের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসায় শনিবার পুনরায় এই জলপথ বন্ধ করে দেয় ইরান। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা জাহাজ লক্ষ্য করে গুলি চালায় ইরানি বাহিনী। ভারতীয় একাধিক সূত্র বলছে, হরমুজ প্রণালিতে আক্রান্ত জাহাজ দুটির নাম ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’।