Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না পোপ লিও চতুর্দশ। মার্কিন প্রেসিডেন্টের প্রতিবাদ সত্ত্বেও সোমবার (১৩ এপ্রিল) তিনি জানিয়েছেন, তিনি সবসময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন।

 

এর আগে বিশ্বে চলমান যুদ্ধ ও সামরিক শক্তির দাম্ভিক আচরণ বন্ধ করা নিয়ে পোপ লিও চতুর্দশের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপের ওপর ক্ষোভ ঝেড়ে ‘পক্ষাপাতিত্বমূলক আচরণ’ ঠিক করার জন্য তাগিদ দিয়েছেন।

 

পোপকে উদ্দেশ করে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আক্রমণাত্মক এ মন্তব্য করেছেন। ট্রাম্প দীর্ঘ ওই পোস্টে পোপকে ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ বলে অভিহিত করেছেন এবং তার বিরুদ্ধে ‘চরম বামপন্থিদের তুষ্ট করার’ অভিযোগ এনেছেন।

 

এরপর সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরা জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পোপ লিও চতুর্দশ। রোমান ক্যাথলিক চার্চের এই প্রধান জানিয়েছেন, তিনি সবসময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন। তার অভিযোগ, খ্রিস্টীয় আদর্শকে বর্তমানে ‘অপব্যবহার’ করা হচ্ছে।

 

আলজিয়ার্সগামী পোপের বিশেষ বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক হিসেবে পোপ নির্বাচিত হওয়া লিও বর্তমানে আফ্রিকা সফরের উদ্দেশ্যে ১০ দিনের এক সফরে রয়েছেন।

 

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ বলেন, ‘আমি তার (ট্রাম্পের) সঙ্গে কোনো তর্কে জড়াতে চাই না। তবে আমার মনে হয়—গসপেলের (বাইবেলের বাণী) বার্তা এভাবে অপব্যবহার করা উচিত নয়। তবে বর্তমানে কিছু মানুষ এ ধর্মীয় বাণীর অপব্যবহার করছে।

 

শান্তি প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চস্বরে কথা বলবো। শান্তি বজায় রাখা, সংলাপের পথ প্রশস্ত করা এবং রাষ্ট্রগুলোর মধ্যে বহুপাক্ষিক সুসম্পর্ক তৈরির মাধ্যমে সমস্যার সঠিক সমাধান খুঁজে পাওয়াই আমার লক্ষ্য।’

 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পোপ লিও বলেন, ‘যুদ্ধে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। আমার মনে হয়, এখন সময় এসেছে কারও রুখে দাঁড়ানোর। বর্তমানে এটা বলতে হবে যে—শান্তি স্থাপনের আরও ভালো পথ রয়েছে।’