বিশ্বজুড়ে নারী ক্রিকেটে দ্রুত জনপ্রিয়তা ও বিনিয়োগ দুটোই বাড়ছে। এই ধারাবাহিকতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা আগের আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই সিদ্ধান্ত নারী ক্রিকেটের ক্রমবর্ধমান গুরুত্ব ও সম্ভাবনারই প্রতিফলন।
ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা) নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালের আসরে যেখানে ছিল প্রায় ৭৯ লাখ ৫৮ হাজার ডলার, সেখানে এবারের বৃদ্ধি প্রায় ১০ শতাংশ।
এর মধ্যে চ্যাম্পিয়ন দল ২৩ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) পাবে, আর রানার্স-আপ দল ১১ লাখ ৭০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) পাবে।
অন্যদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল প্রত্যেকে ৬ লাখ ৭৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি টাকা) পাবে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩১ হাজার ১৫৪ ডলার (প্রায় ৪০ লাখ টাকা) পুরস্কার রাখা হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারী ১২টি দলই ন্যূনতম ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় সাড়ে ৩ কোটি টাকা) নিশ্চিতভাবে পাবে।
এবারের আসরে একটি বড় পরিবর্তন হচ্ছে দলসংখ্যা বৃদ্ধি। প্রথমবারের মতো ১২টি দল অংশ নেবে, যা প্রতিযোগিতাকে আরও জমজমাট ও চ্যালেঞ্জিং করে তুলবে। আগে দল কম থাকায় সুযোগ সীমিত ছিল, তবে এখন আরও বেশি দেশের নারী ক্রিকেটাররা বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন।
আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা জানিয়েছেন, নারী ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে এবং দলসংখ্যা বৃদ্ধি ও রেকর্ড প্রাইজমানি সেই অগ্রগতিরই প্রতিফলন।
তার ভাষ্যমতে, “নারী ক্রিকেটের বিকাশ এখন দ্রুততর হচ্ছে। দলসংখ্যা বাড়ানো এবং রেকর্ড প্রাইজমানি আমাদের বৈশ্বিক ক্রিকেটকে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করার প্রতিশ্রুতির প্রতিফলন।”
টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করতে ইতোমধ্যে ট্রফি ট্যুর শুরু হয়েছে। লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফি প্রদর্শনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। এরপর নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফর করবে ট্রফিটি। মে মাসজুড়ে ইংল্যান্ডের বিভিন্ন শহর যেমন লিডস, ম্যানচেস্টার, বার্মিংহাম, ব্রিস্টল, সাউথ্যাম্পটন ও লন্ডনে ট্রফি দেখার সুযোগ পাবেন ভক্তরা।
আগামী ১২ জুন শুরু হবে এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ফাইনালসহ মোট ৩৩টি ম্যাচ বিভিন্ন ঐতিহাসিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে।