সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের প্রথম দিনের বৈঠক শেষ হয়েছে। আলোচনায় মতবিরোধের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালি।
শনিবার (১১ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থানরত প্রতিনিধিদের বরাতে তাসনিম জানায়, এখন উভয় পক্ষ লিখিত বার্তা বিনিময় করছে-যার উদ্দেশ্য হলো, সমঝোতাগুলোর বিষয়ে দু’পক্ষ কাছাকাছি অবস্থানে আছে কি না, তা যাচাই করা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুতর মতবিরোধ হয়েছে। ইরান ওয়াশিংটনের দাবিকে অতিরঞ্জিত বলে বর্ণনা করেছে। তবে দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সমঝোতায় পৌঁছাতে আলোচনার এক পর্যায়ে দুই দেশ লিখিত নথি বিনিময় করে। যুদ্ধবিরতি চলাকালে দুই পক্ষের মধ্যে এ আলোচনা আরও চলবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময় শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১২ এপ্রিল) পাকিস্তানের স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আবার আলোচনা শুরু হবে।
‘ইসলামাবাদ সংলাপ’ নামে পরিচিত আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
আলোচনা শুরুর আগে দুই পক্ষের প্রতিনিধিরা আয়োজক দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠক করেন। শাহবাজের সঙ্গে জেডি ভ্যান্স যে বৈঠক করেছেন, সেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরাড কুশনারও ছিলেন।
পরে ইরানের প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন শাহবাজ। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক প্রসঙ্গে শাহবাজ শরিফ বলেন, এ আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। সেই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।
এদিকে, মার্কিন সশস্ত্র বাহিনী দাবি করেছে, তাদের দুটি জাহাজ মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এটি ইরানের গণমাধ্যম প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক, যেখানে বলা হয়েছিল কোনো মার্কিন জাহাজ ওই জলপথ অতিক্রম করেনি।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে-এ হামলা অব্যাহত রেখেছে। দেশটির জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এবং একজন প্যারামেডিক আহত হয়েছেন।
শান্তি আলোচনার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার নেতৃত্বে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তেল আবিব।
এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। সাম্প্রতিক উত্তেজনা প্রশমিত করে কূটনৈতিক পথ খুলে দিতেই স্থায়ী যুদ্ধবিরতির উদ্যোগ নেয় পাকিস্তান। এই বৈঠকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এটিই প্রথম সরাসরি আলোচনা।