Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার একদিন পার হতে না হতেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। বুধবার (৮ এপ্রিল)দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'ফারস' এই বিষয়টি নিশ্চিত করেছে।

 

গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননে হামলা চালানোর" প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই রুটে ট্যাঙ্কার চলাচল "সম্পূর্ণ বন্ধ" থাকবে।

 

অন্যদিকে ইসরায়েল লেবাননে তাদের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইরান এই কঠোর অবস্থানে যাওয়ার আগে মাত্র দুটি জাহাজকে প্রণালীটি অতিক্রম করার অনুমতি দিয়েছিল।

 

বুধবার সকালেই জেনারেল ড্যান কেইন জানিয়েছিলেন, তার বিশ্বাস প্রণালীটি উন্মুক্ত রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সফল দাবি করলেও, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ট্রাম্প প্রশাসনের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের জ্বালানি তেলের (গ্যাস ও ডিজেল) মূল্যের ওপর।

 

মঙ্গলবার রাতে তেলের দাম ১৫ শতাংশ কমে যাওয়ার পর বুধবার মার্কিন শেয়ার বাজার খোলার প্রথম আধঘণ্টায় ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ১,৩০০ পয়েন্ট বৃদ্ধি পায়। প্রণালী বন্ধের খবর সত্ত্বেও তেলের দাম মঙ্গলবারের তুলনায় কম ছিল এবং শেয়ারবাজার সামান্য ঊর্ধ্বমুখী ছিল। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম এখনো ২৫ শতাংশ বেশি এবং ডাও জোন্স সূচক ছয় সপ্তাহ আগের তুলনায় প্রায় ৪ শতাংশ নিচে অবস্থান করছে।