পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে আলোচনার লক্ষ্যে চীনের উরুমকি শহরে একটি প্রতিনিধিদল পাঠিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করে জিও নিউজ।
সাপ্তাহিক ব্রিফিংয়ে আন্দ্রাবি জানান, পাকিস্তান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এই প্রতিনিধিদল গঠিত হয়েছে। যুদ্ধ বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনার জন্য তারা চীনে গেছে। তবে প্রতিনিধিদলের পূর্ণাঙ্গ তালিকা এবং অংশগ্রহণকারীদের বিস্তারিত পরিচয় এই মুহূর্তে প্রকাশ করা হয়নি।
গত মঙ্গলবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বেইজিং সফর করেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সফরের পরপরই উত্তর-পশ্চিম চীনের উরুমকি শহরে এই বৈঠকের আয়োজন করা হয়।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাড়তে থাকা সীমান্ত উত্তেজনা ও সংঘাত নিরসনে চীন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। পাকিস্তানের দাবি, তারা আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে কেবল সেসব চরমপন্থিদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে, যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার এ আলোচনার মাধ্যমে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি দূর হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।