ইরানের নৌবাহিনী বিলুপ্ত হয়ে গেছে, তাদের বিমানবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অধিকাংশ নেতা নিহত হয়েছেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা সংকুচিত হয়ে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২ এপ্রিল) রাত ৯টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বড় জয় পাচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার বাহিনী ইরানে বিধ্বংসী আঘাত চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন থেকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসবাদের মদদদাতা দেশ ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু করেছে, তার মাত্র এক মাস পার হয়েছে। এই চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য বিজয় অর্জন করেছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গিয়েছে, এবং তাদের অস্ত্র কারখানা ও রকেট লঞ্চারগুলো গুঁড়িয়ে দেয়া হচ্ছে, খুব সামান্যই অবশিষ্ট আছে।’