চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একশ, পাঁচশ এবং হাজার টাকার নোটভর্তি ৭টি পলিথিনের স্বচ্ছ বস্তা কর্দমাক্ত পানিতে ভাসছে— এমটি একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার। এই ছবি দেখে হুলস্থূল বেধে যায়। হঠাৎ ধনী হয়ে যাওয়ার আশায় অনেকেই নদীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে করতে থাকেন। কিন্তু কোথায় গেল এতগুলো টাকার বস্তা?
ছবিটি প্রথম কে পোস্ট করলো তা এখনও জানা যায়নি। তবে কাদের চৌধুরী নামের এক ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেছে, যিনি নিজের ফেসবুক ওয়ালে ওই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, চট্টগ্রামের পলাতক ব্যাংক লুটেরাদের রাজনৈতিক নেতাদের কয়েকজনের বাড়ি চট্টগ্রাম। তারা হয়তো টাকা লুকাতে না পেরে নদীতে ফেলে দিয়েছেন। তিনি বলেন, “আসলে কয়েকটি পেইজে ছবিটি দেখে তা কেবল শেয়ার করেছি এবং নিজের ধারনার কথা উল্লেখ করেছি।”
এ বিষয়ে কর্ণফুলী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান পুরো বিষয়টি ভুয়া বলে উড়িয়ে দেন। বলেন, “একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝবেন এটি এআই দিয়ে তৈরি করা ছবি। এটার কোনো ভিত্তি নেই।”
এটি একধরনের প্রতারণা ও অপরাধ উল্লেখ করে ওই পুলিশ কর্মকতা বলেন, কে বা কারা এই কাজটা প্রথম করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
শীর্ষনিউজ