যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে। দেশটির নতুন সরকারের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আবেদন করেছেন।
বুধবার (১ এপ্রিল) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প ওই ইরানি নেতাকে কম উগ্র বলে জানিয়েছেন। তিনি বলেন, এ নেতা ইরানের আগের নেতাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। তিনি যুদ্ধবিরতি চাইছেন। তিনি যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির আবেদনও করেছেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি যখন উন্মুক্ত করা হবে। যখন এ জলপথটি অবাধ ও নিরাপদ হবে, তখন আমরা যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করব। তা না হলে আমরা ইরানকে ধ্বংস করে দেব। তাদের প্রস্তর যুগে নিয়ে যাব।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে ইরানি সেনারা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।