ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা চালিয়ে যেতে প্রস্তুত এবং প্রয়োজন অনুযায়ী যুদ্ধকে ছয় মাস বা তার বেশি সময় পর্যন্ত স্থায়ী করতে পারবে। তেহরানে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে না এবং শত্রুদের দ্বারা আরোপিত সময়সীমাও মেনে চলবে না।
আরাঘচি জানান, ইউএসের সঙ্গে এখনও কোনো সরাসরি আলোচনা বা চুক্তি হয়নি। তিনি বলেন, কিছু বার্তা বিনিময় হচ্ছে, তবে এটিকে আলোচনার সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়। সব যোগাযোগ রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে এবং নিরাপত্তা কাউন্সিলের তত্ত্বাবধানে হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, ইরান কোনো যুদ্ধ চায়নি, কিন্তু নিজের স্বার্থ রক্ষার্থে শক্তভাবে প্রতিরোধ করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বন্ধ করা হয়েছে শুধুমাত্র আগ্রাসী রাষ্ট্রের জাহাজের জন্য। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, শত্রুরা অবকাঠামোতে হামলা করতে চাইলে তারা বড় ক্ষতির মুখে পড়বে।
আরাঘচি বলেন, ইরানের লক্ষ্য শুধুমাত্র দেশ নয়, পুরো অঞ্চলে শান্তি স্থাপন। যুদ্ধ চলাকালীন ইরান শুধুমাত্র মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে টার্গেট করছে না। তিনি মনে করান, দীর্ঘমেয়াদি নিরাপত্তা অর্জনের জন্য অঞ্চলের দেশগুলোকে নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ওপর নির্ভর করতে হবে, বিদেশি বাহিনী নয়।