Image description

ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত করতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ করার ইচ্ছা তিনি ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়িয়ে যেতে চান। তার মতে, বর্তমান সংঘাত ইতোমধ্যে “শেষ পর্যায়ে” পৌঁছেছে এবং আগে নির্ধারিত চার থেকে ছয় সপ্তাহের সময়সীমার মধ্যেই বিষয়টি শেষ করতে কর্মকর্তাদের কাজ করতে বলা হয়েছে।

হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনার বরাতে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই যুদ্ধ ট্রাম্পের অন্যান্য গুরুত্বপূর্ণ নীতি ও অগ্রাধিকার থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। তার কিছু উপদেষ্টা মনে করছেন, যুক্তরাষ্ট্রের ভোটারদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ নিয়ে কাজ করাই এখন বেশি জরুরি।

এছাড়া, সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়েছে, মে মাসের মাঝামাঝি সময়ে ট্রাম্পের সম্ভাব্য চীন সফরের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, ওই সফরের আগেই সংঘাতের ইতি টানার চেষ্টা থাকবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা শুরু করে। জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়। এতে গোটা অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

শীর্ষনিউজ/