চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এক বীর মুক্তিযোদ্ধার বক্তব্য দেওয়া কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পর্ব চলাকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ মঞ্চে বক্তব্য শুরু করলে সাবেক শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুসহ কয়েকজন তাকে বাধা দেন। এ সময় উপস্থিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হট্টগোলের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আজিজ দ্রুত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জুবায়ের আহমেদ অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর তারা কথা বলার সুযোগ পাননি। বর্তমান পরিস্থিতিতে বক্তব্য দিতে গেলে আওয়ামী লীগপন্থী কয়েকজন মুক্তিযোদ্ধা তাকে বাধা দেন। তিনি দাবি করেন, রাজনৈতিক মতভেদের কারণেই তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।
অন্যদিকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু বলেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী কারা বক্তব্য দেবেন তা নির্ধারিত ছিল। জুবায়ের আহমেদ সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান শেষ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ জানান, বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে শেষ পর্যন্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে।