যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে বাড়তি চাপ ও নজরদারির মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরান ফুটবল দল। আসন্ন প্রীতি ম্যাচ দুটি সামনে রেখে বর্তমানে তুরস্কের দক্ষিণাঞ্চলে অনুশীলন করছে তারা।
ভূমধ্যসাগরীয় শহর আনাতোলিয়ার কাছের রিসোর্ট এলাকা বেলেকে চলছে তাদের অনুশীলন ক্যাম্প। ম্যাচ প্রস্তুতির গুরুত্বপূর্ণ এই সময়ে কোনো ধরনের বিঘ্ন এড়াতে গণমাধ্যমের প্রবেশও সীমিত রাখা হয়েছে।
ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির ক্যাম্পে কোনো খেলোয়াড় বা কোচের সাক্ষাৎকারের সুযোগ রাখা হয়নি। দলের এক কর্মকর্তা জানান, পুরো স্কোয়াড এখন শুধুই ম্যাচ প্রস্তুতিতে মনোযোগী।
বিশ্বকাপের ম্যাচ ভেন্যু নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পাবলিক প্রোফাইলও কম রাখার চেষ্টা করছে ইরান দল। বিশ্বকাপে তাদের ঘিরে রাজনৈতিক ও গণমাধ্যমের বাড়তি নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কে অবস্থানকালে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান।
অনুশীলনে খেলোয়াড়দের স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে দেখা গেছে। রোদেলা আবহাওয়ায় অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসি-আড্ডায়ও মেতে উঠতে দেখা যায় তাদের।
দলের সঙ্গে আছেন ফরোয়ার্ড মেহদি তারেমি, যিনি সম্প্রতি আলোচনায় ছিলেন গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলার সময় এক ইসরায়েলি প্রতিপক্ষের সঙ্গে জার্সি বিনিময় করার ঘটনায়।
অন্যদিকে স্ট্রাইকার সারদার আজমুনকে এই স্কোয়াডে রাখা হয়নি। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে ইরানি গণমাধ্যমের দাবি। ৯১ ম্যাচে ৫৭ গোল করা এই ফরোয়ার্ডকে সরকারের প্রতি ‘অবিশ্বস্ত আচরণ’-এর অভিযোগে জাতীয় দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও জানা গেছে।