Image description

ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যম ও পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।

 

বুধবার ( ২৫ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা ও আনাদোলু এজেন্সি।

 

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উপকূলীয় শহর হাদেরায় অবস্থিত ইসরায়েলের রাবিন বিদ্যুৎ কেন্দ্রের কাছে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

 

 

ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্র জানিয়েছে, তেল আবিব মহানগর এলাকা এবং মধ্য ইসরায়েলের অন্যান্য অংশে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

 

ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন দাবি করেছে - এই হামলায় তাদের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

 

ইসরায়েলি পুলিশ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, ইসরায়েলের উত্তরে কিরিয়াত শমোনার একটি মহল্লায় ক্লাস্টার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

তারা বলেছে যে এটি লেবানন থেকে ছোড়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের জন্য এলাকাটিতে তল্লাশি করছেন।

 

লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কেরেম বেন জিমরা মহল্লায় একটি রসদ ঘাঁটিতে হামলা চালিয়েছে।

 

তারা আরও দাবি করেছে যে, ইসরায়েলের মিসগাভ, মেতুলা, কিরিয়াত শমোনা, দাফনা এবং নাহারিয়ার দিকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।