Image description

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রথম সপ্তাহেই মার্কিন বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এমন দাবি তুলেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানের উচ্চপর্যায়ের গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাল্টা অভিযানে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং তিন হাজারের বেশি আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গত এক সপ্তাহে মার্কিন বাহিনীর ১৫৩টি মিসাইল উৎক্ষেপণ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। পাশাপাশি ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া অঞ্চলটিতে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

ইরানের দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো গুপ্ত হামলার মধ্য দিয়েই এই সংঘাতের সূচনা হয়। একই সময় দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭০ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এ অভিযানের আওতায় এখন পর্যন্ত ৫৮ দফা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটি।

শীর্ষনিউজ