ভারতের ঝাড়খণ্ডে কুসংস্কারের বলি হলো একটি পরিবার। ডাইনি সন্দেহে এক দম্পতি ও তাদের ১২ বছর বয়সী সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে গোড্ডা জেলার দেবদণ্ড থানা এলাকার ডাঙ্গা টোলায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে স্থানীয়রা বাড়ির কাছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোড্ডা সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তদন্তে নামে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গোড্ডার এসডিপিও অশোক প্রিয়দর্শী জানান, প্রাথমিকভাবে এটি ডাইনি সন্দেহজনিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, নিহতদের ওপর ডাইনি চর্চার অভিযোগ ছিল।
তিনি বলেন, “একটি দম্পতি ও তাদের নাবালক সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পেছনে কুসংস্কারের বিষয়টি জড়িত থাকতে পারে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি।”
পুলিশ জানায়, ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা স্পষ্ট করা হবে বলে আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা।
ঝাড়খণ্ডের বিভিন্ন উপজাতীয় এলাকায় ডাইনি অপবাদকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা নতুন নয়। কঠোর আইন থাকলেও সময় সময় এমন নির্মম ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে মানবাধিকারকর্মীদের মধ্যে।
শীর্ষনিউজ