Image description

ইরানের শীর্ষ নেতাদের হত্যা করায় ইসরায়েলের নিন্দা করেছে তুরস্ক। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করার দাবির পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন। তিনি ইরানি নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাকে অবৈধ বলে নিন্দা জানিয়েছেন।

 

মঙ্গলবার (১৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

 

ফিদান এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের রাজনৈতিক হত্যাকাণ্ড, বিশেষ করে ইরানি রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ডগুলো প্রকৃতপক্ষে যুদ্ধের সাধারণ আইনের বাইরে এক প্রকার অবৈধ কার্যকলাপ।

 

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যা করার দাবির পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন। তবে ইরান সরকার এখনও লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেনি।

 

হাকান ফিদান বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের অবসানের লক্ষ্যে তিনি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করবেন।

 

আঙ্কারায় দেওয়া এক ভাষণে তিনি বলেন, একটি স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়ে তিনি তার কার্যক্রম চালাবেন। তুরস্ক এ অঞ্চলে শান্তি চায়।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের তীব্র বিরোধিতা করেছে তুরস্ক। দেশটি এ হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ একটি অগ্নিগর্ভ পরিস্থিতি বলে নিন্দা করে।

 

তুরস্ক একইসাথে ইরানকে উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক করেছে এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।