Image description

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগ করায় ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিরাপত্তা বিষয়ে দুর্বল ছিলেন কেন্ট।

ট্রাম্প বলেন, ‘যখন আমি তার (কেন্ট) বিবৃতি পড়ি, তখন মনে হয়েছে তার চলে যাওয়া ভালো একটা ব্যাপার। কারণ কেন্ট বলেছিলেন, ইরান কোনও হুমকি নয়।’ 

ট্রাম্প বলেন, ‘প্রত্যেক দেশই বুঝেছিল ইরান কী ধরনের হুমকি ছিল- প্রশ্ন হলো তারা এ বিষয়ে কিছু করতে চায় কিনা।’

এর আগে ইরান যুদ্ধের প্রতিবাদে মঙ্গলবার পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট। 

 

তিনি চিঠিতে বলেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’ তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।

জোসেফ কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ড জনসমক্ষে খুব কমই মন্তব্য করেছেন।

সূত্র: আল-জাজিরা