Image description

ইরান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে নতুন এক সংকটে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে রক্ষা করতে চাচ্ছেন। কারণ, এ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ অব্যাহত না রাখলে পশ্চিমা ও আমেরিকান অর্থনীতি স্থবির হয়ে যাবে। এ কারণে তিনি মিত্র রাষ্ট্রগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু কেউ এখনও এ আহ্বানে প্রকাশ্যে সাড়া দিচ্ছে না।

 

রোববার ( ১৫ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এ গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ইরান কার্যকরভাবে গুরুত্বপূর্ণ জলপথটি অবরুদ্ধ করার পর ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যকে হরমুজ প্রণালিতে তেল ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়ার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো দেশই ট্রাম্পের আহ্বানে প্রকাশ্যে সম্মত হয়নি।

 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাজ্য বর্তমানে আমাদের মিত্র এবং অংশীদারদের সাথে এই অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে।

 

মার্কিন গণমাধ্যমের সাথে কথা বলার সময় চীনা দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, বেইজিং শত্রুতা বন্ধ করার আহ্বান জানাচ্ছে। "স্থিতিশীল এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব মূলত সব পক্ষের।

জাপানি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, জাপান কেবল ট্রাম্পের অনুরোধের কারণে জাহাজ পাঠাবে না। এ বিষয়ে জাপানের নিজস্ব মতামত ও বিচার-বিবেচনা রয়েছে।

 

ফ্রান্স বলেছে, ট্রাম্পের আহ্বানে তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফরাসি বিমানবাহী রণতরী এবং তাদের সেনাদল পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে। তারা কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না।

 

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলছেন, তারা ট্রাম্পের আহ্বান সাবধানতার সাথে পর্যালোচনা করবেন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করবে দক্ষিণ কোরিয়া।