ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, চাপ সৃষ্টির কৌশল হিসেবে হরমুজ প্রণালী বন্ধ রাখবে ইরান।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। যুদ্ধের শুরুতে ইসরায়েলি হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার পর এটিই তার প্রথম প্রকাশ্য বক্তব্য। তবে তার সরাসরি উপস্থিতি না করে রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপকের মাধ্যমে বার্তাটি পাঠ করে শোনানো হয়।
বার্তায় খামেনি ইরানের প্রতিবেশী দেশগুলোকেও তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান এবং বলেন, এসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা অব্যাহত থাকবে।
তিনি বলেন, 'শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া আমরা কখনোই উপেক্ষা করব না। জনগণের দাবি হলো কার্যকর প্রতিরক্ষা চালিয়ে যাওয়া এবং শত্রুকে তার ফল ভোগ করতে বাধ্য করা।'
রাষ্ট্রীয় টেলিভিশন কেন তিনি সরাসরি বক্তব্য দেননি সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তিনি সামান্য আহত হয়েছিলেন, তবে তার আঘাতের মাত্রা স্পষ্ট নয়। এদিকে সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।