রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে সেখানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ ) জুম্মার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসা সংক্রান্ত সর্বশেষ তথ্য নেন। পাশাপাশি মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার বিষয়টি দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং কর্তব্যরত চিকিৎসকরা।
এর আগে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। সেখানে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করানো হবে।
উল্লেখ্য, গত ১১ মার্চ রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করান।