স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই বাস্তবায়ন করেন। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো তার নেতৃত্বে দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই দেশবাসী তার সুফল দেখতে পাচ্ছে।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। দেশের সার্বিক দৃশ্যপটেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।