Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সম্প্রতি সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে এ অব্যাহতি দেওয়ার মূল কারণ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) এশিয়া পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের জন্য হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে তিনি যে জবাব দিয়েছেন সেটি সংগঠনের কাছে ইতিবাচক মনে হয়নি। সেজন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

 

হামিমের দলে ফেরার বিষয়ে নাছির বলেন, এটি তো সাময়িক পদ স্থগিত। এতেই বোঝা যাচ্ছে অবশ্যই তার সুযোগ রয়েছে। আমাদের এ সংগঠনে যে রকম পানিশমেন্ট আছে, সে রকম রিওয়ার্ডও আছে। একটি সংগঠন নিয়মের মধ্যে চলে, এমনকি আমাকেও নিয়মের মধ্যে চলতে হয়। আমি তো যা তা করতে পারছি না। বরং আমি সামান্য ভুল করলেও তা পরিমাপে চলে আসব। বরং বেশি আসবে নেতৃত্বের জায়গা থেকে। কেউ এখানে কোনো ছাড় দেবে না—গণমাধ্যম, সংগঠন বা সংগঠন যারা দেখাশোনা করেন তারা।

 

তিনি বলেন, দলে ফিরতে তিনি অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন, এমনটা শুনেছি আমি। সেটি যাচাই-বাছাই হচ্ছে। এ ছাড়া আমাদের একটি টিম কাজ করছে। যখনই মনে হবে যে এটি তুলে নেওয়া হবে, তখনই তুলে নেওয়া হবে।

 

 

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর শেখ তানভীর বারী হামিম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় শোকজের জবাব দেন।

 

পরে ৪ মার্চ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।