Image description

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, মদখোর পিটিয়ে নিজ দায়িত্ব শুরু করেছেন  মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছড়িয়ে পড়া ভিডিওতে মাথা নিচু করে থাকা তিন যুবককে লাঠি দিয়ে পেটাতে দেখা যায়।  

যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পুরোনো। তখনও মাওলানা হানজালা সংসদ সদস্য নির্বাচিত হননি। তবে ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি হানজালাই ছিলেন বলে নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট। 

ভিডিওর কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে একাধিক গণমাধ্যমে এ নিয়ে সংবাদ পাওয়া যায়। সময় টেলিভিশনের এক প্রতিবেদনের তথ্যমতে, ঘটনাটি ২০২৪ সালের ২২ আগস্টের। সেদিন মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরে মাদক কিনতে এলে শহিদুল নামে এক ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। পরে বাহাদুরপুরের পীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের ছোটভাই পীরজাদা আলহাজ্ব হাফেজ মাওলানা মো. মোহসেন ও চাচাতো ভাই পীরজাদা হাফেজ মাওলানা হানজালাকে উঠসব করান শহিদুলকে। কিছুক্ষণ পর সন্ধ্যায় একই এলাকায় আরও তিন যুবক মাদক কিনতে আসছে এমন অভিযোগে আটক করেন এলাকাবাসী। পরে একইভাবে ওই তিন যুববকে লাঠিপেটা ও জুতাপেটা করানো হয়। 

এদিকে গত ১৫ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে হানজালা ভিডিও সম্পর্কে বলেন, ‘‘ভিডিওগুলো ২০২৪ সালের ৫ আগস্টের পরের। সে সময় মাদকের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলাম। যেখানেই মাদকব্যবসায়ীদের পেয়েছি তাদেরকে ধরে এনেছি। কাউকে তখন কিছু শাসন আমার করা লেগেছিল সে সময়।’’

তিনি আরও বলেন, ‘‘তখন দেশে প্রশাসনব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রশাসন না থাকার কারণে সে দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলাম।’’