Image description

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ আরো একদিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বইমেলা আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হবে। একই সঙ্গে বইমেলায় কোনো প্যাভিলিয়ন না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে দীর্ঘদিনের জটিলতা ও দাবি-দাওয়ার বিষয়ে আলোচনার পর মেলায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’।

রোববার রাতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজ্‌ম, সচিব ড. মো. সেলিম রেজা এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

প্রকাশকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। এবারের বই মেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না। সেলিম রেজা জানান, বাপুস নেতৃবৃন্দের সহায়তায় ইতিমধ্যে প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকগণ নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এছাড়া এর আগে গত ১৮ ফেব্রুয়ারির এক বৈঠকে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বই মেলা থেকে সরে দাঁড়ানো প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ মেলায় অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এসময় ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, আমরা মূলত ঈদের পর বইমেলা আয়োজনের প্রস্তাব দিয়েছিলাম। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তা বাস্তবায়িত হয়নি। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। বর্তমান সরকার আমাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং বেশ কয়েকটি শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে। সে কারণেই আমরা এবারের বইমেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অনন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক,বাতিঘরের স্বত্ত্বাধিকারী দীপঙ্কর দাশ,শোভা প্রকাশনীর প্রকাশক মিজান, লেখক আবু সালেহ প্রমুখ।