টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আয়োজনের সব রকম প্রস্তুতি নিয়েছে বোর্ড। পরীক্ষা আয়োজনের পরিস্থিতি অনুকূলে আসার বিষয়টি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন জেলার পরিস্থিতি জানতে সম্প্রতি জেলা প্রশাসক বা ডিসিদের সঙ্গে বৈঠকে বসেছিল বোর্ড। ওই সভায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় পরীক্ষা আয়োজন করা যেতে পারে বলে মতামত দেন ডিসিরা। পরিস্থিতি অনুকূলে থাকার সবুজ সংকেত পাওয়ায় বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
সূত্রের তথ্য বলছে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কোনো কারণে আজ সিদ্ধান্ত না আসলে আগামী সপ্তাহে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সূত্রটি।
এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চট্টগ্রাম বোর্ডের বিভিন্ন জেলার ডিসিরা পরিস্থিতি অনুকূলে রয়েছে বলে জানিয়েছেন। আমরা বিষয়টি লিখিতভাবে মন্ত্রণালয়কে অবহিত করেছি। এখন পরবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয় নেবে। যে সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে—এমন একটি বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি সেটিকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুলাই থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে—এমন তথ্য সম্পূর্ণ অসত্য। এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং প্রচারিত বিজ্ঞপ্তির সঙ্গে আন্তঃশিক্ষা বোর্ড বা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কোনো সম্পর্ক নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা–সংক্রান্ত সব সিদ্ধান্ত ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
বন্যা–পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগের সমস্যার কথা বিবেচনায় গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি চূড়ান্ত সিদ্ধান্তের পর পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে। তবে বর্তমানে চট্টগ্রাম বোর্ডের বাইরে দেশের অন্য সব শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।