ঠাকুরগাঁওয়ে রাস্তার পাশে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের পরীক্ষার খাতা। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শনিবার (৯ মে) সকালে পৌরশহরের বড় মাঠের উত্তর-পশ্চিম কোনায় ১১টি খাতা পড়ে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাতাগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে হাতে নিয়ে দেখা যায় অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগ। খাতাগুলো দেখতে পেয়ে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে পথচারীদের মাঝে। এ ঘটনায় শিক্ষার্থীরা পরীক্ষার খাতার নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন এশিয়া পোস্টকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।