যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। টেকঅফের সময় রানওয়েতে থাকা একজন ব্যক্তিকে ধাক্কা দেয় বিমানটি। ফলে ইঞ্জিনে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আঘাতপ্রাপ্ত ওই ব্যক্তিকে ‘পথচারী’ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র জানায়, শুক্রবার (৮ মে) রাত ১১টা ১৯ মিনিটে লস অ্যাঞ্জেলেসগামী ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইটটি টেকঅফের সময় এই দুর্ঘটনার শিকার হয়। ঘটনাটিকে কেন্দ্র করে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে রানওয়েতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির অবস্থা সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এবিসি নিউজ একজন অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে জানিয়েছে, আঘাতপ্রাপ্ত ব্যক্তিটি একটি ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়েছিল। তার শরীরের কিছু অংশ আংশিকভাবে দগ্ধ হয়েছে। আহত ব্যক্তির অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে পাইলটের কথোপকথনে জানা যায়, পাইলট বলেন, ‘আমরা রানওয়েতে থামছি, আমরা কাউকে আঘাত করেছি। আমাদের ইঞ্জিনে আগুন লেগেছে।’ পরে তিনি আরও জানান, বিমানে ধোঁয়া দেখা যাচ্ছে এবং জরুরি অবতরণের প্রয়োজন।
ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, বিমানটিতে ২২৪ জন যাত্রী ও ৭ জন ক্রু সদস্য ছিলেন। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে টেকঅফ বাতিল করেন এবং জরুরি অবতরণ প্রক্রিয়া শুরু করেন।
এক বিবৃতিতে বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইট ৪৩৪৫ টেকঅফের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কেবিনে ধোঁয়ার খবর পাওয়া যায়। এরপর পাইলটরা তাৎক্ষণিকভাবে টেকঅফ বাতিল করেন। তবে ধোঁয়া ঠিক কী কারণে সৃষ্টি হয়েছে, রানওয়ের ঘটনার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
দুর্ঘটনার পর যাত্রীদের জরুরি স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামানো হয়। পরে তাদের বাসে করে টার্মিনালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটিকে কেন্দ্র করে বিমানবন্দরে জরুরি উদ্ধার দল দ্রুত অভিযান পরিচালনা করে।
ডেনভার বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিসিবি)। দুর্ঘটনাস্থলের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।