Image description

আওয়ামী লীগের নিরপরাধ কর্মীদের সমস্যা নেই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার (৯ মে) বিকালে দুমকি উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপকর্মের সঙ্গে জড়িত নন, তাদের ভয় বা সমস্যার কোনো কারণ নেই। তবে অতীতে যারা অপরাধ করেছেন, তাদের বিচার করবে আইন।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও সালিশ বাণিজ্যের মতো কোনো অপকর্মকে প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার আহ্বান জানান তিনি।