Image description

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নারী হলে এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ প্রমাণ হওয়ায় অভিযুক্তের সিট বাতিল করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ মে) সন্ধ্যায় ফাতিমা-তুজ-জাহরা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত শিক্ষার্থী রাজিয়া পারভীন সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী। তিনি হলের ১০৭ নম্বর কক্ষে থাকতেন। তার পার্শ্ববর্তী ১০৪ নম্বর কক্ষের শিক্ষার্থী নোশিন তাবাসসুম নিহা তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনে হল প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

হল সূত্রে জানা যায়, রাজিয়া পারভীনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক শিক্ষার্থী হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তোলেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে প্রায় ৮০ জন শিক্ষার্থীর স্বাক্ষরসহ একটি আবেদনপত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে সোমবার হল প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের নিয়ে একটি সভা করেন। সভায় অভিযোগকারী ও অভিযুক্তসহ সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য শোনা হয়। তদন্ত ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে প্রভোস্টবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী রাজিয়া পারভীনের হলের আসন বাতিল করা হয়।

এ বিষয়ে জানতে হল প্রাধ্যক্ষ ড. ইসমত আরার মোবাইলে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে সহকারী প্রাধ্যক্ষ হুসনে আরা চৌধুরী বলেন, রাজিয়া পারভীনের বিরুদ্ধে বহু শিক্ষার্থী গণস্বাক্ষর দিয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করেছি এবং সব পক্ষের বক্তব্য শুনেছি। প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে তার আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।