Image description
শেহরিন আমিন মোনামি

রাজধানীর শাহবাগে ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এবি জুবায়ের) ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার ঘটনায় শঙ্কা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন তিনি, ‘ছাত্র রাজনীতিকে অপরাধ হিসেবে দেখানোর চেষ্টায় নানা রাজনৈতিক আখ্যান ব্যবহার করত লীগ। আবারও ফিরে আসছে সেই কুৎসিত ধারা, যা খুবই কষ্টদায়ক ও অস্বস্তিকর।’

তিনি আরও লিখেছেন, আজ রাতে জুবায়ের এবং মুসাদ্দিকের ওপর যে সহিংসতা হয়েছে, তা এই আশঙ্কারই প্রমাণ।

প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ থানা এলাকায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে শুরু হওয়া এ উত্তেজনা চলে রাত ১০টা পর্যন্ত। দুই ডাকসু নেতা ছাড়াও আহত হয়েছেন অন্তত ১৩ জন সাংবাদিক।