অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিকমাধ্যমে বেশ সরব। নানা বিষয় নিয়ে কথা নিজের মতামত তুলেন ধরেন এই পর্দাকন্যা। তেমনই ভালোবাসা দিবসের দিনে ব্যক্তিগত জীবনের আবেগঘন এক অধ্যায় শেয়ার করেছেন তিনি।
স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে দীর্ঘ এক ফেসবুক পোস্টে তুলে ধরেছেন জীবনের কঠিন সময়, মায়ের দোয়া এবং নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প।
পোস্টে ফারিয়া জানান, ২০২২ সালে তিনি গভীর হতাশার মধ্যে দিয়ে গেছেন। সেই সময় বেঁচে থাকার কোনো প্রেরণা ছিল না, প্রতিদিন কেবল কোনোরকমে পার করতেন।
ফারিয়ার কথায়, একদিন কান্নায় ভেঙে পড়ে মাকে প্রশ্ন করেছিলেন, ‘আমার সঙ্গে এমন কেন হলো? আমার দোষ কী ছিল?’ উত্তরে মা শান্তভাবে বলেছিলেন, ‘আল্লাহ তোমাকে পরীক্ষা নিচ্ছেন। নামাজ পড়ো, তার কাছে সাহায্য চাও- সব ঠিক হয়ে যাবে।
এসময় মায়ের একটি কথাকে স্মরণ করে ফারিয়া বলেন, সেই সময় মা এমন একটি কথা বলেছিলেন, যা আমি কোনোদিন ভুলব না। তিনি বলেছিলেন, ‘তোমার বাবা আর আমি যখন হজে গিয়েছিলাম, তোমার বাবা কাবার গিলাফ ধরে তোমার জন্য দোয়া করেছিলেন।
শবনম ফারিয়া জানান, ২০২৫ সালের ৬ মার্চ তার জীবনে সেই পরিবর্তনের সূচনা হয়। ওই দিনই তিনি বর্তমান স্বামীর সঙ্গে পরিচিত হন।
পোস্টের শেষে স্বামীর উদ্দেশে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে ফারিয়া লিখেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। এই কঠিন পৃথিবীতে আমাকে আবার জীবনকে ভালোবাসার কারণ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আল্লাহ তোমার প্রতি বরকত দান করুন।’
বলে রাখা যায়, ডিভোর্সের প্রায় ৫ বছর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর তানজিম তৈয়বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া। দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিনেত্রী। এদিন সন্ধ্যায় গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
এর আগে, ফারিয়া ২০১৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন হারুনুর রশীদ অপুকে। প্রথম স্বামী তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক এক বছর ৯ মাসের মধ্যে বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।