ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নির্বাচিত এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর বিপরীতে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানালেন জামায়াত জোটের কয়েকজন শীর্ষনেতা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুনামগঞ্জ- ২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরসহ বেশ কয়েকজন এই জোটের কয়েকজন নেতা বিকল্প ছায়া মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’
সুনামগঞ্জ- ২ (দিরাই শাল্লা) আসন থেকে নির্বাচন করে হেরে যাওয়া জামায়াত ইসলামীর আলোচিত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছেন।
রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে বলেন, ‘রাজনীতিতে নতুনত্ব আনুন। সরকারিদল মন্ত্রিসভা গঠন করুক। বিরোধীদল ছায়া মন্ত্রিসভা গঠন করুক। সংসদের ভিতরে-বাহিরে তুমুল বিতর্ক হোক। তবেই সৃষ্টিশীল নেতৃত্ব গড়ে উঠবে।’
এর আগে, শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’
এ ছাড়া ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও জামায়াত নেতা মীর আহমেদ বিন কাসেম (আরমান) তার ফেসবুক পোস্টেও ছায়া মন্ত্রিপরিষদ গঠনের কথা জানিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। আনুষ্ঠানিকতা শেষে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্যানুযায়ী, বিএনপি জোট ২১২টি আসন পেয়েছে। যার মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে। আর শরিক দলগুলো ৩টি আসনে জয় পায়। আর ১১ দলীয় নির্বাচনি ঐক্য ৭৭টি আসনে জয় পায়। যার মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮ আসনে জয়লাভ করেছে। আর শরিক দলগুলো ৯টি আসনে জয় পেয়েছে।