Image description

আজ রবিবার ক্রিকেট বিশ্বের চোখ থাকবে কলম্বোয়। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ম্যাচটি যে হতে যাচ্ছে আজ। নানা নাটকীয়তার পর মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ‘এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

খেলার মাঠের ক্লাসিক এই দ্বৈরথটি নিয়ে কম নাটক হয়নি। টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণীয় ম্যাচটিই ভেস্তে যেতে বসেছিল কয়েক দিন আগে। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় তারই সমর্থনে পাকিস্তান শুরুতে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর সিদ্ধান্ত প্রত্যাহার করে পাকিস্তান। এমনটা না হলে যে আয়োজক থেকে শুরু করে সম্প্রচার প্রতিষ্ঠানেরই ব্যাপক ক্ষতি! কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হলে সেটার প্রভাব পড়তো আইসিসির সদস্যদেরও। শেষ পর্যন্ত অবশ্য মাঠে গড়াচ্ছে হাইভোল্টেজ ম্যাচ। 

বহুল আলোছিত ম্যাচটি মাঠে গড়ানোর মুহূর্তেও সাসপেন্স অপেক্ষা করছে আরও। আর সেটা হ্যান্ডশেক ইস্যু। রাজনৈতিক টানাপোড়েনে এবারও কি করমর্দন এড়িয়ে যাবে দুই দল? এটার জবাব অবশ্য টসের সময়ই পাওয়া যাবে। এমন কথা বলেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে সব আয়োজন ভাসিয়ে নেওয়ার জন্য অলক্ষ্যে রয়েছে প্রকৃতি! ম্যাচ ঘিরে আবহাওয়ার পূর্বাভাস তেমনই শঙ্কা বাড়াচ্ছে। শ্রীলঙ্কার আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাতে বহু প্রতীক্ষিত ম্যাচটি বিঘ্নিত কিংবা পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এবার দেখে নেওয়া যাক দুই দলের অতীত পরিসংখ্যান।  দ্বৈরথের কথা বলা হলেও সাম্প্রতিক ইতিহাস কিন্তু ভারতের পক্ষে। একপেশে ভঙ্গিতে ম্যাচ জিতেছে তারা। মুখোমুখি লড়াইয়ে ভারত-ই এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে তাদের রেকর্ড ৭-১। সর্বশেষ এশিয়া কাপেও প্রতিপক্ষকে তিনবার হারিয়ে নিজেদের আধিপত্যের জানান দিয়েছে। যার মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ শিরোপা নির্ধারণী ফাইনালও। পাকিস্তান কি এবার ঘুরে দাঁড়াতে পারবে?