অন্তবর্তী সরকারের পর এবার নির্বাচিত সরকারের অপেক্ষায় পুরো বাংলাদেশ। রাত পেরোলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যৎ সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা ব্যক্ত করছে বিভিন্ন মহলের মানুষ।
এক্ষেত্রে পিছিয়ে নেই শোবিজ তারকারাও। অপু বিশ্বাস, শবনম বুবলীর পর এবার ভবিষ্যত সরকারের প্রতি নিজের প্রত্যাশার কথা জানিয়ে রাখলেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা।
২০২৬ সালের একুশে পদকের চূড়ান্ত মনোনয়নে জায়গা করে নেওয়া এই তারকা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নিজেকে চলচ্চিত্রের মানুষ মনে করি। চলচ্চিত্রই আমার ধ্যান-জ্ঞান।
তাই সিনেমার সব বিষয়েই আমি ভালো চাই। নতুন সরকারের কাছেও আমার প্রত্যাশা থাকবে, তারা যেন চলচ্চিত্রের মতো বিনোদনের এই মাধ্যমটার দিকে একটু আলাদা নজর দেন। আকাশ সংস্কৃতির সঙ্গে পাল্লা দিতে গিয়ে যেন আমাদের মূল্যবোধের কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।’
উল্লেখ্য, আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণ চলবে। এই নির্বাচনেই এবার গণভোটও অনুষ্ঠিত হবে।