Image description
যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
 
সমু চৌধুরী জানান, দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
 
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সমু চৌধুরী বলেন, “ভালো লাগছে, আজকে আমার বাড়ির সামনেই এতগুলো ক্যামেরা। যখন আমি আর অভিনেতা নই। আমি সমু চৌধুরী অন্য জায়গায় হারিয়ে গেছি। ভালো হয়েছে, কিন্তু বাড়িতে এসে এরকম একটা ঘটনা ঘটবে আমার সঙ্গে, হতবাক হয়ে গেছি। সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। আমি এই জায়গাটাকে পরিষ্কার করতে চেয়েছি। এতে অনেকের সমস্যা হচ্ছে। আজ আমার ওপর হামলা হলো। আমি অ্যাটেম্পট টু মার্ডার কেস করতে যাব।”
 
এ ঘটনায় জড়িত নন বলে দাবি করে মোটর গ্যারেজের মালিক হৃদয় জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাঁকে জানিয়েছেন।
 
এদিকে ঘটনার নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয়রা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
 
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।