Image description

প্যারিসের র‍্যাম্পে পা রাখতেই যেন বদলে গেল পুরো আবহ। গাঢ় মখমলের গাউন, তার ওপর ক্রিস্টালে ঝলমলে দীর্ঘ কেপ আর চুলে আগুনরাঙা বারগান্ডি আভা মিলিয়ে যেন আধুনিক সময়ের এক রানি। এমন রাজকীয় সাজে হাজির হয়ে আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তার নতুন সাজ দেখে মুগ্ধ ভক্তরা।

 

 

২৮ সেপ্টেম্বর প্যারিসে অনুষ্ঠিত হয় লরিয়েল প্যারিসের নবম ‘লে ডেফিলে’ ফ্যাশন আয়োজন। আইফেল টাওয়ারের আবহে প্লেস জফ্রে-তে আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটেন ঐশ্বরিয়া। পুরোনো দিনের রাজকীয় আভিজাত্যের সঙ্গে আধুনিক পোশাকশৈলীর মেলবন্ধন ছিল তার সাজে।

 

 

এদিন ডিজাইনার ইয়ারা শুমেকারের শীতকালীন ২০২৬-২৭ কুতুর সংগ্রহের বিশেষ একটি পোশাক বেছে নেন ঐশ্বরিয়া। গাঢ় রঙের মখমলের দুই অংশের গাউনটিতে ছিল ভিন্নধর্মী কারুকাজ ও ত্রিমাত্রিক ঝালরের কাজ। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পোশাকের ওপর জড়ানো দীর্ঘ কেপটি।

 

 

অসংখ্য ক্রিস্টালে সাজানো কেপটি র‍্যাম্পে হাঁটার সময় আলোর ঝলকানিতে ঝিকমিক করছিল। গাঢ় মখমলের সঙ্গে ঝলমলে কেপের মেলবন্ধনে ঐশ্বরিয়ার সাজে ফুটে ওঠে রাজকীয় আভিজাত্য।

তবে পোশাকের পাশাপাশি ঐশ্বরিয়ার নতুন চুলের রংও নজর কেড়েছে। চেনা কালো চুলের বদলে এবার তাকে দেখা গেছে বারগান্ডি-লাল আভায়। গাঢ় রঙের পোশাকের সঙ্গে চুলের উজ্জ্বল রং তৈরি করেছে আলাদা বৈপরীত্য।

 

 

ঐশ্বরিয়ার এই সাজের রূপসজ্জা ও পোশাক পরিকল্পনায় ছিলেন মোহিত রাই, তরঙ্গ আগরওয়াল ও চিন্তন শাহ। সাজে ছিল পরিমিত রূপসজ্জা, যাতে পোশাক, ঝলমলে কেপ ও নতুন চুলের রংই মূল আকর্ষণ হয়ে ওঠে।

বিজ্ঞাপন

এবারের আয়োজনে ঐশ্বরিয়ার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের তারকারাও র‍্যাম্পে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া, সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, জেন ফন্ডা ও সেলিন ডিওন।

 

 

অনুষ্ঠানের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল ঐশ্বরিয়া ও সেলিন ডিওনের পুনর্মিলন। দুজনকে আলিঙ্গন করতে, হাত ধরে থাকতে এবং মঞ্চে একসঙ্গে নাচতেও দেখা যায়। প্রস্তুতির সময় ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও উষ্ণ আলিঙ্গনে দেখা যায় ঐশ্বরিয়াকে।

এবারের আয়োজনের মূল ভাবনা ছিল ‘নিজের মূল্যকে উদযাপন করা’। আত্মবিশ্বাস, বৈচিত্র্য ও নারীদের পারস্পরিক সংহতির বার্তাই ছিল আয়োজনে।

 

 

র‍্যাম্পের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসতে শুরু করেন ঐশ্বরিয়া। কেউ তাকে রানির সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ বলেছেন, ‘একবার যে রানি, চিরকালই রানি।’ বিশেষ করে তার বারগান্ডি চুল ও রাজকীয় পোশাকই সবচেয়ে বেশি নজর কেড়েছে ভক্তদের।